আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এই নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সুযোগ খোলা রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।”
বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতে তারা দেশ পুনর্গঠনে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রবাসীদের বিশাল অবদান থাকা সত্ত্বেও দেশে তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।” তিনি আরও জানান, আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে।
উল্লেখ্য, দলের আমির হিসেবে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। এসময় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তাকে সংবর্ধনা জানান।
আপনার মতামত লিখুন :