চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ পর্যটক নিহত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বুধবার (৫ নভেম্বর) সকাল ৯:৩০টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল সেগুনবাগান এলাকায় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহতরা সবাই কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা পর্যটক। তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করার সময় ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও সকাল ১০:৩০টার দিকে দুটি যান সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।