জুলাই সনদ বাস্তবায়নে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কোনো ধারা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তার মতে, সনদে যে বিষয়ে ঐকমত্য হয়েছে—সেটির সিদ্ধান্ত জনগণই চূড়ান্ত করবে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’ (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে যা নিয়ে ঐকমত্য হয়েছে, জনগণ তা-ই কার্যকর করবে। গণভোট ও আইনি কাঠামোর ভিত্তিতে আমরা দ্রুতই নির্বাচনের দিকে যেতে চাই।”
তিনি জানান, আসন্ন সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং বিভিন্ন পেশাজীবী সম্পৃক্ত থাকবেন। এভাবেই জুলাই সনদের লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোর পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, “নতুন সংসদ থেকে সংস্কার পরিষদ গঠন হবে, যেখানে নতুন সংবিধান প্রণয়ন নিয়ে কাজ হবে। শিক্ষকদের ভূমিকা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় তিনি আরও বলেন, “জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসের হাতেই দেওয়া উচিত।”
আপনার মতামত লিখুন :