ফরিদপুর বোয়ালমারি

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৫০


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারিতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু-এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য কোন্দল থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।

বিকালে উভয়পক্ষ পৃথক কর্মসূচি আহ্বান করলে বাজার এলাকায় দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থানে আসে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারধর। সংঘর্ষ চলাকালে ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের বাধায় ফিরে যেতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শামসুদ্দিন মিয়া ঝুনু পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজ মিয়া সভাপতিত্ব করেন।