বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!


খেলাধুলা ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপে খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৬ আসরে তিনি খেলবেন কি না তা নিয়ে দোটানা থাকলেও অ্যাডিডাসের একটি প্রচার ভিডিওতে মেসির বক্তব্য আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) প্রকাশিত ভিডিওতে কোচ স্কালোনি, ডি মারিয়া ও এএফএ সভাপতি তাপিয়াকে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওর শেষে তাপিয়া বলেন, ‘আমি চার নম্বর চাই।’ এরপর মেসিও কার্ড হাতে নিয়ে বলেন, ‘আমিও চাই।’ এতে ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে চতুর্থ শিরোপার লক্ষ্যে খেলতে প্রস্তুত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারেও মেসি বলেন, ২০২৬ বিশ্বকাপ তাঁর জন্য বিশেষ হবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকলে তিনি খেলবেন। তিনি জানান, বিশ্বকাপ জয়ের অনুভূতি একজন ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।

এদিকে চলতি মাসে আর্জেন্টিনা অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ঘোষিত দলে মেসি থাকলেও তিনি মাঠে নামবেন কি না তা এখনও অনিশ্চিত, কারণ তিনি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে এমএলএস প্লে-অফে ব্যস্ত।