হাইকোর্টে রিট: পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

আর্থিক সংকটে থাকা পাঁচ বেসরকারি ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।

মঙ্গলবার, বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত ৯ অক্টোবর পাঁচ ইসলামি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক—একীভূত করার প্রস্তাব অনুমোদন দেয়। নতুন ব্যাংকের জন্য দুটি নাম বিবেচনায় রয়েছে: ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ও পেশাদারভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, একীভূতকরণের ফলে কোনো কর্মী চাকরি হারাবেন না এবং আমানতকারীর অর্থও ঝুঁকিতে পড়বে না।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের সব দায়–দায়িত্ব ও সম্পদ গ্রহণ করে এই ব্যাংক কার্যক্রম শুরু করবে। সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা মূলধন দেওয়া হবে—অর্ধেক নগদে, বাকি অংশ সুকুক বন্ডের মাধ্যমে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকা বেইল-ইন প্রক্রিয়ায় শেয়ারে রূপান্তর করা হবে, যা পরে পুনরায় পরিশোধের পরিকল্পনা রয়েছে।

শুরুতে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত নতুন ব্যাংকটি পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের মধ্যেই এই হস্তান্তর সম্ভব বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, সরকারি তত্ত্বাবধানে যাওয়ায় গ্রাহকদের উদ্বেগ কমবে। পাশাপাশি ছোট আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার পরিকল্পনাও নেয়া হচ্ছে।