বাংলাদেশের ফুটবলে এক বিরল রাত। ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারিয়ে জাতীয় দল যেন নতুন ইতিহাস লিখল। ম্যাচ শুরুর আগেই উপচে পড়া দর্শক, আর গ্যালারিতে উপস্থিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা—সব মিলিয়ে জাতীয় স্টেডিয়াম ছিল উৎসবমুখর।
জয় নিশ্চিত হতেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গনে। ম্যাচশেষে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে এই মুহূর্ত উদযাপন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলের জন্য ঘোষণা করেন ২ কোটি টাকার বিশেষ বোনাস—যা ফুটবলারদের মনোবল আরও উঁচু করেছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান।
ফুটবলারদের অনুপ্রাণিত করতে এর আগেও নারী দলের জন্য দুই ধাপে দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছেন উপদেষ্টা—সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে এক কোটি এবং এশিয়া কাপের যোগ্যতা অর্জনে ৫০ লাখ টাকা। দুটো প্রতিশ্রুতিই তিনি সময়মতো পূরণ করেন।
অন্যদিকে বাফুফে নারী দলকে সাফ জয়ের জন্য দেড় কোটি টাকার ঘোষণা দিলেও এক বছর পার হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
জয়ের রাতেই দল হোটেলে নৈশভোজে যোগ দেয়। আর অধিনায়ক হামজা পরদিনই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন।
আপনার মতামত লিখুন :