মিয়ানমার–থাইল্যান্ড–ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই প্রতিবেশী মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় নতুন করে কম্পন অনুভূত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আন্দামান সাগর সংলগ্ন মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কম্পনের কেন্দ্র ছিল দাওয়েই শহরের দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। থাইল্যান্ডের কিছু অংশেও এর প্রভাব অনুভূত হয়েছে।

একই দিনে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেখানেও ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি বলে জানায় দেশটির আবহাওয়া ও ভূকম্পন সংস্থা বিএমকেজি।

এর আগে শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরের দিন আরও তিন দফা আফটারশক অনুভূত হওয়ার পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ধারাবাহিক কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত দিতে পারে।