অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ দায়িত্বে থাকাকালেই বিয়ে করে ইতিহাস গড়েছেন। শনিবার ৬২ বছর বয়সী এই নেতা রাজধানী ক্যানবেরায় সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে বিয়ে করেন তার দীর্ঘদিনের সঙ্গী, ১৬ বছর ছোট জডি হেইডনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু—যা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা।
গত বছর ভালোবাসা দিবসে হেইডনকে প্রস্তাব দিয়েছিলেন আলবানিজ, তবে বিয়ের দিন-তারিখ কঠোরভাবে গোপন রাখা হয়। বিবাহ অনুষ্ঠানে কনের হাতে হাত রেখে মঞ্চে ওঠেন তার বাবা-মা, আর নবদম্পতির আংটি বহন করে আনে তাদের পোষা কুকুর টোটো—যা অতিথিদের বিশেষ মনোযোগ কাড়ে।
স্টিভি ওয়ান্ডারের ‘Signed, Sealed, Delivered I’m Yours’ গানটির সুরে বিবাহস্থল ত্যাগ করেন আলবানিজ ও হেইডন। পরে এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরিবারের নিকটজনদের উপস্থিতিতে ভালোবাসার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে তারা আনন্দিত।
নবদম্পতি আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়ার ভেতরেই একটি সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় যাবেন।
আপনার মতামত লিখুন :