পঞ্চগড়ে নেমেছে তাপমাত্রা ১০.৫ ডিগ্রিতে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের শুরুতেই এ পতন স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন প্রায় অচল করে দিয়েছে।

এর আগে মঙ্গলবার তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরপর টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

প্রচণ্ড ঠান্ডায় জনজীবন ব্যাহত হচ্ছে এলাকায়—রাস্তায় মানুষের চলাচল কমে গেছে, সকাল-বিকেলে কুয়াশা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন স্থির থাকার পর আজ তাপমাত্রা হঠাৎ কমে ১০.৫ ডিগ্রিতে নেমেছে। সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে।