অশ্রুসিক্ত বিদায়ে শিশু সাজিদকে শেষ বিদায়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে প্রাণ হারানো দুই বছরের সাজিদকে শুক্রবার সকালে জানাজা ও দাফন করা হয়েছে। সকাল থেকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শোকের আবহ নেমে আসে; গ্রামজুড়ে কাজকর্ম থেমে যায়, মানুষ ছুটে আসে সাজিদের বাড়ির সামনে।

নেককিড়ি কবরস্থানের পাশের মাঠে জানাজায় উপচে পড়ে হাজারো মানুষ। শিশু সাজিদের সাদা কাফনের দেহ যখন আনা হয়, চারদিকে কান্নার রোল পড়ে যায়। মা–বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ইমাম কাজী মাওলানা মিজানুর রহমান জানাজা পরিচালনা করেন এবং শিশু সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

জানাজা শেষে ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হয়, নিস্তব্ধ হয়ে যায় পুরো এলাকা—শুধু শোনা যায় স্বজনদের কান্না। গ্রামের মানুষের ভাষায়, “এত ছোট্ট জানাজায় এমন ভিড় তারা কখনো দেখেনি।”

গত বুধবার দুপুরে বাড়ির পাশে এক পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।