ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৩:১১ অপরাহ্ন

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, প্রচারণার মধ্যেই অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল বিজয়নগর এলাকায় টিম পাঠানো হয়েছে। তিনি জানান, “ঘটনা যাচাইয়ের পর বিস্তারিত জানানো হবে।”

হাদি এর আগে গত নভেম্বর মাসে দেশি–বিদেশি একাধিক নম্বর থেকে হত্যা, অগ্নিসংযোগ এবং তার পরিবারের নারীদের ধর্ষণের হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে বলেছিলেন। ১৪ নভেম্বর ফেসবুকে তিনি লিখেছিলেন, “আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে; আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।