মুক্তিযুদ্ধের ৫৪ বছর পার হলেও স্বাধীনতার মৌলিক আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার পর একের পর এক রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হচ্ছে, যা মূলত অপূর্ণ রাষ্ট্রগঠনেরই প্রতিফলন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ জিয়াউর রহমানের কল্পিত বাংলাদেশ বাস্তবায়িত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, এ কারণেই বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা স্পষ্ট। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে দাবি করে ফুয়াদ বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতারই প্রমাণ। তিনি সতর্ক করেন, দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :