বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। তিনি বলেন, “একজন মা যে বাংলাদেশ কল্পনা করেন, আমরা সবাই মিলে সেই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালে সর্বস্তরের জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। তার ভাষায়, আজ দেশের মানুষ কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরও বলেন, পাহাড় ও সমতল, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার সময় এসেছে। নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, সবাই যেন নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারে, এমন বাংলাদেশই তাদের প্রত্যাশা।
ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শক্ত গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে দাঁড় করাতে হবে। বক্তব্যের শেষভাগে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।”
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। সকাল ১১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আপনার মতামত লিখুন :