এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতা কার্যকরের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। ব্যবসায়ীরা এনইআইআর কার্যক্রম স্থগিতের দাবি জানান। পুলিশ জানায়, পরিস্থিতি আকস্মিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বিটিআরসি কর্মকর্তারা জানান, আসরের নামাজের সময় ভবনের বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর ফাঁকি রোধ এবং নিম্নমানের, ক্লোনড ও অবৈধ পথে আসা ব্যবহৃত মোবাইল ফোন বাজারে প্রবেশ বন্ধ করতেই এনইআইআর পদ্ধতি চালু করা হয়েছে। এ ব্যবস্থায় কেবল বৈধ ও সরকার অনুমোদিত হ্যান্ডসেটই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত ব্যবহৃত ফোন বন্ধ করা হবে না।

এর আগে এনইআইআর চালুর ঘোষণার পর থেকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ৭ ডিসেম্বর তারা বিটিআরসি কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসি এনইআইআর কার্যকর করার তারিখ ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করে।