সেনাবাহিনীকে কঠোর বার্তা কলম্বিয়ার প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে দেশটির সশস্ত্র বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন পেত্রো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যদি কলম্বিয়ার জাতীয় পতাকার চেয়ে যুক্তরাষ্ট্রের পতাকাকে অগ্রাধিকার দেন, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বাহিনী থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা।

পেত্রো ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি এমন একজন লাতিন আমেরিকান নেতাকে হুমকি দিচ্ছেন, যিনি জনগণের সংগ্রাম ও শান্তির আন্দোলন থেকে উঠে এসেছেন। আদালতের রেকর্ডে তার বিরুদ্ধে কোনো মামলা নেই উল্লেখ করে তিনি ট্রাম্পকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে গভীর সংকটে থাকা দেশ হিসেবে উল্লেখ করেন এবং কলম্বিয়ায় সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন।

এদিন ট্রাম্প আরও বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে দেশটির ওপর শুল্ক বাড়ানো হতে পারে।