মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারের মামলায় অভিযুক্ত হয়েও নিজেকে নির্দোষ এবং এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে হাজির হয়ে তিনি এ দাবি করেন বলে জানিয়েছে আলজাজিরা।
আদালতে মাদুরো বলেন, তিনি একজন নির্দোষ ব্যক্তি এবং সাংবিধানিকভাবে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন আগামী ১৭ মার্চ তাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে শনিবার মার্কিন বাহিনীর ঝটিকা অভিযানে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে আটক করে নিউইয়র্কে আনা হয়। ওই অভিযানের সময় দেশটির বিভিন্ন এলাকায় বড় ধরনের সামরিক হামলা চালানো হয়।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক’ সম্পর্কের আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
ভেনেজুয়েলা ও প্রতিবেশী দেশগুলোকে ঘিরে ট্রাম্পের কঠোর অবস্থানের মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা কলম্বিয়া ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে মেক্সিকোকেও সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপ ও মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঘটনাটিকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন :