মুছাব্বির হত্যায় ভাড়াটে শুটার ব্যবহারের প্রমাণ, দুই কিলার শনাক্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে অন্তত দুইজন শুটারের মুখ আংশিকভাবে শনাক্ত হয়েছে।

চাঁদাবাজি, রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার—এই তিনটি দিক সামনে রেখে তদন্ত এগোচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাতে তেজতুরি বাজার এলাকায় বাসায় ফেরার পথে মুছাব্বিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। হামলায় তার সহযোগী আবু সুফিয়ান মাসুদও আহত হন। ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোর পিস্তলের তিনটি খালি খোসা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে ৫–৬ জন অংশ নেয়, যার মধ্যে দুজন সরাসরি গুলি চালায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, পুলিশ, র‍্যাব ও ডিবির সমন্বিত অভিযানে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের স্ত্রী রাজনৈতিক বিরোধের কথা উল্লেখ করে মামলা করেছেন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। হত্যার প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।