হেঁটে চেয়ারপার্সনের কার্যালয় এলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান–২-এর চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপি মিডিয়া সেল জানায়, বিকাল পৌনে ৪টায় রওনা হয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি কার্যালয়ে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কোনো পরিকল্পনা ছাড়াই তারেক রহমান হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। কঠোর নিরাপত্তার মধ্যেও এ সময় সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি উপস্থিতি নজর কাড়ে। অনেক পথচারী তাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দীর্ঘ দেড় দশকের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। মায়ের মৃত্যুর শোকের মধ্যেও তিনি নিয়মিত দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রতিদিনই রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। শুক্রবার পাকিস্তান, জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

এদিন রাতেই গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান।