আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির দীর্ঘদিনের রীতি অনুযায়ী দলের প্রধান সিলেট থেকেই প্রচার শুরু করে থাকেন। সে ধারাবাহিকতায় তারেক রহমানও হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারের সূচনা করবেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই শোকের ঘটনার পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচার প্রসঙ্গে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব।
আপনার মতামত লিখুন :