সহিংস বিক্ষোভে প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

দেশজুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনায় ব্যাপক প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা দেয় দেশটির সরকার। নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণেই এ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, দায়েশের মতো বর্বর কায়দায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হন।

বিবৃতিতে এসব সহিংসতাকে নজিরবিহীন উল্লেখ করে বলা হয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সরকার।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা বিভিন্ন শহরে সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর, সড়ক অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন।