ইরানজুড়ে চলমান সহিংস বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘হস্তক্ষেপ’ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেছে চীন। তেহরানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র বেইজিং পরোক্ষভাবে ওয়াশিংটনের সমালোচনা করে জানিয়েছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।
সোমবার (১২ জানুয়ারি) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন বরাবরই সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা সম্মান ও সুরক্ষিত রাখা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকির বিরুদ্ধেও চীনের সুস্পষ্ট অবস্থান রয়েছে বলে জানান তিনি।
মাও নিং আরও বলেন, বেইজিং আশা করে ইরানের সরকার ও জনগণ বর্তমান সংকট কাটিয়ে উঠে জাতীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে।
ইরানে চলমান বিক্ষোভ ও তা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে চীনের এই বক্তব্যকে তেহরানের বর্তমান শাসকদের প্রতি কূটনৈতিক সমর্থন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :