বিক্ষোভকারীদের ফাঁসির পথে ইরান, ‘খুব কঠোর পদক্ষেপের’ হুমকি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংস সরকারবিরোধী বিক্ষোভ কঠোর দমন-পীড়নের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে তেহরান। সরকারি হিসেবে, নিরাপত্তা বাহিনী ও আইআরজিসির অভিযানে দুই হাজারের বেশি বিক্ষোভকারী নিহত এবং ১০ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছেন।

পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পথে এগোচ্ছে ইরান।

পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানানিকে বুধবার (১৪ জানুয়ারি) ফাঁসি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এই ফাঁসি কার্যকর হলে চলমান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হবে।

বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, জাতীয় পতাকা অবমাননা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দাবির প্রেক্ষাপটে সরকার বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ আখ্যা দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সক্রিয়দের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারিও দেয় তেহরান।

এদিকে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফাঁসি দেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিক্রিয়া দেখাবে। ট্রাম্পের এমন বক্তব্য ও বিক্ষোভে উসকানিমূলক মন্তব্যকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে আখ্যা দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কৌশল ব্যর্থ হবে এবং এর মূল লক্ষ্য সরকার পরিবর্তন।