নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে গাবতলী টেকনিক্যাল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব, গাবতলী টেকনিক্যাল ও পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবেন না। শিক্ষার্থীদের মতে, এটি কোনো একদিনের আন্দোলন নয়; বরং ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।

আন্দোলনকারীরা জানান, তাদের লক্ষ্য স্পষ্ট—শিক্ষার অধিকার নিশ্চিত করা। সে লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।