ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায়, তবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ওই কর্মকর্তা জানান, ইরান আগেই সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোকে এ বিষয়ে অবহিত করেছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা প্রতিহত করতে তাদের ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে। ইরানের দাবি, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে।
এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যেই আন্দোলন সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়েছে তেহরান। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, কারাজ শহর থেকে গ্রেপ্তার হওয়া সোলতানির বিচার দ্রুত সম্পন্ন করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমনে দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
চলমান বিক্ষোভ, মৃত্যুদণ্ড ও সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :