ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ফের সায়েন্স ল্যাব–টেকনিক্যাল মোড় অবরোধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হন। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। মিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে। আর কোনো সময়ক্ষেপণ মানা হবে না। অবরোধের ফলে মিরপুর সড়কসহ আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত এলাকায় দিনভর তীব্র যানজট সৃষ্টি হয়। মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়।

ভোগান্তিতে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকেই গাড়ি না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

এর আগের দিনও একই দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে। তবে সাত কলেজের দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।