বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটাররা খেলার বিপক্ষে নন, তবে সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না। তিনি অভিযোগ করেন, বিসিবির ওই পরিচালক একের পর এক মন্তব্যে পুরো ক্রিকেট অঙ্গন ও সংশ্লিষ্ট সব সেক্টরকে অপমান করেছেন।
সংবাদ সম্মেলনে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান জানান, ক্রিকেটাররা খেলতে প্রস্তুত থাকলেও দাবি মানা ছাড়া মাঠে ফেরার প্রশ্ন নেই। তবে এ বিষয়ে এখনো বিসিবি সভাপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা।
কোয়াবের পক্ষ থেকে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত না হলে আন্দোলন থেকে সরে আসবেন না ক্রিকেটাররা।
আপনার মতামত লিখুন :