বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে চরম উত্তেজনা ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কট কর্মসূচির মধ্যেই স্টেডিয়ামের বাইরে নজিরবিহীন ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে উত্তেজিত একদল মানুষ স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিসিবির বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং গ্যালারি ও মাঠের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নিলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে নাজমুল ইসলামের অপসারণের দাবিতে ক্রিকেটারদের ম্যাচ বর্জনের কারণে দিনের নির্ধারিত দুটি ম্যাচ আগেই স্থগিত ছিল। বাইরে সহিংসতা ছড়িয়ে পড়া ও নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বিসিবি শেষ পর্যন্ত চলমান বিপিএল আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।
আপনার মতামত লিখুন :