ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর চার মাস পর তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর পুলিশ। স্কুবা ডাইভিংয়ের সময় মদ্যপ অবস্থায় থাকা এবং গুরুতর নিরাপত্তা বিধি লঙ্ঘনই তার মৃত্যুর মূল কারণ বলে জানিয়েছে দেশটির পুলিশ।
সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গার্গ মদ্যপ ছিলেন। প্রথমে লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পর তা খুলে ফেলেন তিনি। পরবর্তীতে ফের জলে নামার আগে প্রশিক্ষকদের অনুরোধ সত্ত্বেও লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানান। পুলিশের মতে, এই চরম অসতর্কতাই তার মৃত্যুকে ত্বরান্বিত করে।
তদন্তে আরও উঠে এসেছে, জুবিনের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল স্বাভাবিকের প্রায় চার গুণ বেশি। সিঙ্গাপুরের আইনে যেখানে ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল গ্রহণযোগ্য, সেখানে তার শরীরে পাওয়া যায় ৩৩০ মিলিগ্রাম। পাশাপাশি তার হোটেল কক্ষ থেকে ৭৫০ মিলিলিটারের একটি মদের বোতল উদ্ধার করা হয়।
গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় নিখোঁজ হন জুবিন গার্গ এবং পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। আকস্মিক এই মৃত্যুকে ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ালেও সিঙ্গাপুর পুলিশের সর্বশেষ প্রতিবেদন সেই সব জল্পনার অবসান ঘটিয়েছে।
আপনার মতামত লিখুন :