ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এখনো কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড।
সোমবার ভোরে ‘ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়। ফেরিটিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন।
ফিলিপাইন কোস্টগার্ড জানায়, এ পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের ডুবুরি দল ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে জনবল সংকটের কারণে অভিযান জোরদারে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
১১ কোটির বেশি জনসংখ্যার দেশ ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন নয়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে মাঝেমধ্যেই এমন প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :