ইরানে হামলা মানেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ—ট্রাম্পকে সতর্ক করলেন খামেনি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুদ্ধের হুমকিতে ইরান বিচলিত নয় এবং এ ধরনের ভয়ভীতি ইরানি জাতিকে দমাতে পারবে না।

খামেনি বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করতে চায় না, তবে দেশের ওপর আঘাত এলে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট করে জানান, ইরান কারও ওপর হামলা চালানোর পক্ষপাতী নয়, কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হুঁশিয়ারি এলো। বিক্ষোভে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকির পর ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজ ও রণতরী মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি করেছে।