ফেব্রুয়ারিতে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শীতের দাপট বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

এই সময় ভোররাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে।