দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

ঢাকার উত্তরের পথে বুলেটপ্রুফ বাসে এগোচ্ছেন তারেক রহমান। পথে পথে থেমে যাচ্ছে গাড়ি—সমর্থকদের উচ্ছ্বাসে, সেলফির আবদারে, জানালা ভরা মানুষের হাত নাড়ায়।

চার ঘণ্টার যাত্রাজুড়ে তিনি অভিবাদনের জবাব দেন হাত নাড়িয়ে; ফিরতেও একই দৃশ্য। দ্য ইকোনমিস্টের ভাষ্যে, এই দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়।

৬০ বছর বয়সী তারেক রহমান, একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। ১৮ মাস আগে জেন-জি নেতৃত্বাধীন অভ্যুত্থানে ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর এটিই দেশের প্রথম জাতীয় নির্বাচন।

বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন হলে আইন-শৃঙ্খলা উন্নত হবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং ভারতের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হবে। তবে অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের প্রত্যাশিত আমূল রাজনৈতিক পরিবর্তন কতটা হবে, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।

দ্য ইকোনমিস্ট স্মরণ করিয়ে দেয়, ২০০৮ সালের পর বাংলাদেশে আর কোনো নির্বাচন পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়নি। প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটারের ৪০ শতাংশ কখনো প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। ঢাকার থিংক ট্যাঙ্ক বিআইপিএসএস-এর শাফকাত মুনিরের কথায়, “দুটি দশক কেটে গেছে—যেখানে আমার ভোটের কোনো মূল্য ছিল না।”