কেন ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন?


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত বলে পরিচিত বিতর্কিত ওয়েবসাইট মিরোতোভোরেতস-এ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইউক্রেনের ‘শত্রু’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশকারী এই সাইটটি সমালোচকদের কাছে অনানুষ্ঠানিকভাবে ‘কিল লিস্ট’ নামে পরিচিত।

ওয়েবসাইটটির তালিকায় ইনফান্তিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রচারণায় সহায়তার অভিযোগ তোলা হয়েছে। সেখানে ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে তার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন। তার বক্তব্য, দীর্ঘমেয়াদি বয়কট খেলাধুলার চেয়ে রাজনীতিক বিভাজনই বাড়াচ্ছে। এই মন্তব্যের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা তাকে “নৈতিকভাবে অধঃপতিত” বলে আখ্যা দেন বলে বিভিন্ন মাধ্যমে জানানো হয়।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফিফা ও উয়েফা রুশ দল ও খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। রাশিয়া এসব সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে দাবি করে আসছে। এ প্রসঙ্গে ক্রেমলিন বলেছে, খেলাধুলাকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখা উচিত।

মিরোতোভোরেতস নিজেকে স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে দাবি করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে—তালিকাভুক্ত কিছু ব্যক্তির ওপর পরবর্তী সময়ে হামলা বা সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা সাইটটির নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।