ইসরাইলের চলমান সামরিক অভিযানের মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। লেবাননের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি কখনো আত্মসমর্পণ করবে না এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে প্রতিরোধ চালিয়ে যাবে।
নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহর অবস্থান কেবল একটি সামরিক লড়াই নয়, বরং অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তাঁর ভাষায়, এই প্রতিরোধ আত্মরক্ষামূলক এবং এর মধ্যে আত্মসমর্পণের কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, “এই ভূমি আমাদের। এক ইঞ্চিও ছেড়ে দেওয়া হবে না।”
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, ইসরাইলের নিরাপত্তার নামে তারা আসলে বৃহত্তর ইসরাইল গঠনের আকাঙ্ক্ষাকে সমর্থন দিচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ যোদ্ধাদের মোকাবিলায় ব্যর্থ হয়ে ইসরাইল বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
হিজবুল্লাহকে নিরস্ত্র করার আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে কাসেম বলেন, এমন দাবি সংগঠনটির অস্তিত্ব মুছে ফেলার প্রাথমিক ধাপ। তাই প্রতিরোধই একমাত্র পথ। তিনি লেবাননের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যুদ্ধের ভারে ন্যুব্জ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না দিতে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :