নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে তার দল ফলাফল মেনে নেবে—এমন আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের কার্যালয়ে ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত হলে জনগণের রায়ই হবে চূড়ান্ত। “মানুষ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে,” তিনি বলেন। এক যুগের বেশি সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কথাও উল্লেখ করেন তিনি।
ঢাকার ভোটের পরিবেশকে তিনি উৎসবমুখর বলে বর্ণনা করেন, যদিও কিছু স্থানে “অপ্রত্যাশিত ঘটনা” ঘটছে বলে অভিযোগ তোলেন। এসব ঘটনায় একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।
বিএনপির সম্ভাব্য জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী থাকলেও আসনসংখ্যা নিয়ে নির্দিষ্ট প্রত্যাশা জানাননি। তার ভাষায়, “যত আসনে দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায়, ততটাই প্রত্যাশা।”
নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, জনগণ দ্রুত ফল জানতে চায় এবং নির্বাচন কমিশনও তা নিশ্চিত করবে। অতীতের নিরপেক্ষ নির্বাচনগুলোর উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, এবারও স্বাভাবিক সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে।
আপনার মতামত লিখুন :