‘বিজয় এলে উচ্ছ্বাস নয়, সিজদায় কৃতজ্ঞতা’—জামায়াত আমির


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

নির্বাচনে বিজয় এলে কোনো মিছিল বা স্লোগান নয়, বরং কৃতজ্ঞতার সিজদায় নত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, আল্লাহর মেহেরবানিতে যদি মজলুমদের বিজয় আসে, তবে তা উদ্‌যাপন হবে নীরব কৃতজ্ঞতায়—সিজদায় পড়ে শোকর আদায়ের মাধ্যমে। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সেবায় আল্লাহর সাহায্য কামনার কথা জানান।

এই আহ্বান এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার দিনে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। শুরুতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়ে, বিশেষ করে তরুণদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে এখন দেশজুড়ে অপেক্ষা একটাই—ফলাফল কী বলে।