ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সমর্থনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের এই আস্থার মূল্য দিতে হলে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে এবং যেকোনো মূল্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এ বিজয় কোনো দলের নয়—এটি গণতন্ত্রকামী জনগণের বিজয়। আজ থেকে আমরা সবাই স্বাধীন; দেশ যেন আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কৃতজ্ঞতার দাবি রাখে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্রের লড়াইয়ে অটল থাকার পর এবার দেশ গঠনের দায়িত্ব এসেছে—এ কাজে শৃঙ্খলা ও সংযম অপরিহার্য।
জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। ঐক্যই আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।”
প্রেস ব্রিফিংয়ের শেষে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তারেক রহমান পুনর্ব্যক্ত করেন, জনগণের আস্থা অর্জনই ছিল বিএনপির একমাত্র কৌশল।
চীন-বাংলাদেশ সম্পর্ক ও আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সিদ্ধান্তই দেশের স্বার্থ ও আইনের শাসনের আলোকে নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :