দায়িত্বের সঙ্গে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথের পর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব পেয়েছি, ইনশাআল্লাহ, অনেক চমক আছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”

মন্ত্রী এ নিয়ে আরও বলেন, “এক শব্দে বলতে গেলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন গ্লোবাল কম্পিটিটিভনেসের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। শিক্ষা কোনো লোকাল কমোডিটি নয়, এটি আন্তর্জাতিক বিষয়।”

তিনি ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রাসঙ্গিক বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন—ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেক—সাথে শিল্প ও একাডেমিয়ার সংযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। মন্ত্রী টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) খাতকেও বিশেষ গুরুত্ব দেবেন বলেও উল্লেখ করেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, “দল-মত নির্বিশেষে আমি বিজয়ী হয়েছি, সবাই আমার। সবার জন্য কাজ করব। আমার লক্ষ্য শুধু শিক্ষা নয়, মাদক নির্মূল, দুর্নীতি রোধসহ দেশের সেরা উপজেলা গঠন।”

প্রসঙ্গত, ২০০১ সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।