চব্বিশের গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায়, ভাষা আন্দোলনের ৭৪ বছরে এই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার একুশের প্রথম প্রহরে, রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান–এর নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে বিভিন্ন বছরে জামায়াত-সমর্থিত সংগঠনগুলো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কর্মসূচি পালন করলেও, দলের কোনো আমিরকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। ফলে এবারের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে শফিকুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার পালনের দায়িত্ব থেকেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াত ‘নাজায়েজ’ মনে করে কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, একুশের মতো পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন না করাই শ্রেয়।
ভাষা শহীদদের স্মরণ করে তিনি বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সাম্প্রতিক সময়ের গণআন্দোলনে যারা নিহত হয়েছেন—সবাই জাতির অধিকার আদায়ের সংগ্রামের অংশ। তাদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের লড়াই অব্যাহত থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের নেতারা আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :