দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ মৌসুমের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মার্চ, লন্ডনের পিকাডিলি লাইটসে।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের—১ লাখ পাউন্ড। লেগস্পিনার রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড।

টুর্নামেন্টটির আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার নিলামের পূর্ণ তালিকা প্রকাশ করে। এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিলামের আগে অংশগ্রহণকারী আটটি দল নিজেদের পছন্দ অনুযায়ী ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা জমা দেবে, সেখান থেকে চূড়ান্ত লংলিস্টে জায়গা পাবেন প্রায় ২০০ জন।

২০২১ সালে যাত্রা শুরুর পর এখনো কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেননি। ফলে এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো বোলারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।