পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে নির্বাচন-পূর্ব এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে এবং দায়িত্বের একটি পর্যায় সফলভাবে অতিক্রম করার পর তিনি সরে দাঁড়াতে চান। একই সঙ্গে রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দ অনুযায়ী প্রশাসন গঠন করতে পারে—এই বিবেচনাও তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।