জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তার চিকিৎসা ব্যয় সামাল দিতে ব্যক্তিগত গাড়ি বিক্রি করেছেন স্বামী, জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়।
বর্তমানে কাকলীর চিকিৎসায় দৈনিক প্রায় আট হাজার টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত অক্টোবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কাকলী। দুই মাস চিকিৎসার পর বাড়িতে ফেরালেও ১ ফেব্রুয়ারি আবারও ভর্তি করা হয় মিরপুরের সিআরপিতে। স্ট্রোকের প্রভাবে তার মুখের একাংশে পক্ষাঘাত রয়েছে এবং কথা বলায় জটিলতা আছে। নিয়মিত থেরাপির ফলে কিছুটা উন্নতি হয়েছে—নিজে খেতে পারছেন এবং সহায়তায় বসতে পারছেন।
প্রাণ রায় জানান, পরিবার ও বন্ধুদের সহযোগিতা পেলেও কাজ প্রায় বন্ধ থাকায় আর্থিক চাপ বেড়েছে। প্রয়োজনে সরকারি সহায়তা চাইবেন বলেও ইঙ্গিত দেন তিনি। অভিনয় শিল্পী সংঘ পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে উল্লেখযোগ্য সাড়া পাননি বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, ২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে কাকলীর; ছবিটি দেশ-বিদেশে প্রশংসিত হয়ে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
আপনার মতামত লিখুন :