মধ্যপ্রাচ্যে হঠাৎ করে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই অস্থিরতায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
উমরাহ পালন শেষে শনিবার (আজ) এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আঘাতে আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জেদ্দা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মাঝপথে ঘুরিয়ে আবার সৌদি আরবে ফিরিয়ে আনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক জানান, জেদ্দা বিমানবন্দরে এখন হাজারো যাত্রীর সঙ্গে তিনি অপেক্ষায় আছেন। অনিশ্চিত হয়ে পড়েছে কবে দেশে ফেরা সম্ভব হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কয়েক সপ্তাহের উত্তেজনার পর শুরু হওয়া এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমায় ফ্লাইট স্থগিত বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে শুধু মুশফিক নন, আটকে পড়েছেন অসংখ্য আন্তর্জাতিক যাত্রী—যুদ্ধের প্রভাব যে কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়, সেটিই আবার স্পষ্ট হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :