বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পর স্থাপনাটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে, যা জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির পরিচালিত প্রধান তেল শোধনাগারটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিষ্ঠানটি দেশটির জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, প্রাথমিকভাবে সরকারিভাবে ধারণা করা হয়েছে যে ইরান থেকে পরিচালিত একটি ড্রোন হামলার ফলে শোধনাগারে ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পরপরই সেখানে আগুন ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পর বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি এক বিবৃতিতে জানায়, হামলার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আঞ্চলিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।