চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও পরীক্ষার সূচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। এতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজসমূহ, কেন্দ্র সচিব এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র সচিবরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফি সংগ্রহ করে জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় গোপনীয় নথিপত্র গ্রহণ করবেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা-পরবর্তী কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে উত্তরপত্রের ওএমআর অংশ একই দিন সন্ধ্যার মধ্যে ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি অন্যান্য উত্তরপত্র নির্ধারিত প্রক্রিয়ায় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে প্রেরণ করতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আগাম সময়সূচি ঘোষণা ও প্রস্তুতি জোরদারের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা কমবে এবং পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।
আপনার মতামত লিখুন :