দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে নতুন অধ্যায় যুক্ত হলো ‘শান্তা পিনাকল’ প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে। তেজগাঁওয়ে অবস্থিত প্রায় ৪০ তলা বিশিষ্ট এই উচ্চ ভবনটি দেশের আধুনিক নির্মাণশৈলী ও প্রকৌশল সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে শান্তা হোল্ডিংস ভবনটির আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন ও বিশিষ্ট স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।

প্রায় ৫০০ ফুট উচ্চতার এই ভবনটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে এবং এটিকে দেশের অন্যতম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পটি শুধু স্থাপত্য নান্দনিকতার দিক থেকেই নয়, বরং টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব নির্মাণের ক্ষেত্রেও নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ভবনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লিড প্লাটিনাম’ মান অর্জন করেছে, যা পরিবেশবান্ধব স্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য। পাশাপাশি অগ্নি-নিরাপত্তায় ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন-এর আধুনিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। কাঠামোগত নকশায় মেইনহারড-এর কারিগরি সহায়তায় ভবনটিকে ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলা হয়েছে।

নির্মাণ প্রযুক্তিতেও এই প্রকল্পে এসেছে নতুনত্ব। অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহার করে দ্রুত স্ল্যাব নির্মাণ, শক্তি-সাশ্রয়ী সেন্ট্রিফিউগাল চিলার, উন্নত বায়ু পরিশোধন ব্যবস্থা এবং উচ্চক্ষমতাসম্পন্ন কাচ ব্যবহারের মাধ্যমে তাপ ও শব্দ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া, দেশে প্রথমবারের মতো উইন্ড টানেল টেস্টিংয়ের মাধ্যমে ভবনের স্থায়িত্ব যাচাই করা হয়েছে।

ভবনটিতে রয়েছে ৮টি উচ্চগতির লিফট এবং একটি সমন্বিত বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, যা দৈনন্দিন কার্যক্রমকে আরও দক্ষ ও নিরাপদ করে তুলবে।

বিশেষজ্ঞদের মতে, ‘শান্তা পিনাকল’ প্রকল্প ঢাকার নগরায়ণ ও বাণিজ্যিক স্থাপনা উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প দেশের অবকাঠামো খাতে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।