ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন তালিকায় তরুণ, অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে সংগঠনে সক্রিয় নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে মনোনয়ন ফরম সংগ্রহ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা একাধিক পরিচিত মুখ শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি, যা নিয়ে দলীয় মহলে আলোচনা চলছে।
মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই আলোচনায় ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথি। তাদের পাশাপাশি মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত আরও কয়েকজন অভিজ্ঞ ও প্রভাবশালী নারীনেত্রীর নামও তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপির মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফরোজা আব্বাস, প্রয়াত নেতা আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, এবং মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।
এছাড়া দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় থাকা বিভিন্ন নেতার স্ত্রী ও সাবেক সংসদ সদস্যরাও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
দলীয় পর্যবেক্ষকদের মতে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপি সংগঠনিক সক্রিয়তা, মাঠপর্যায়ের অবদান এবং নতুন নেতৃত্ব তৈরির কৌশলকে গুরুত্ব দিয়েছে। ফলে আলোচিত অনেক মুখ বাদ পড়লেও একটি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :