মার্কো রুবিও বলেছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র মেনে নেবে না। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থানকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সময় সোমবার Fox News-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে, তা কোনো একক রাষ্ট্র নির্ধারণ করতে পারে না।”
তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ, যার ব্যবহার বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের সঙ্গে গভীরভাবে যুক্ত। এ পথ ব্যবহারে শর্ত আরোপ বা অনুমতি-নির্ভর কাঠামো আন্তর্জাতিক নৌচলাচলের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
মার্কো রুবিও-এর মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে প্রণালি ব্যবস্থাপনা নিয়ে নতুন কাঠামো আলোচনায় আসতে পারে।
রুবিও বলেন, প্রণালি ‘খোলা’ রাখার নামে যদি কোনো রাষ্ট্র বাস্তবে চলাচল নিয়ন্ত্রণ, ফি আরোপ বা রাজনৈতিক অনুমতির শর্ত দেয়, তাহলে তা মুক্ত নৌপথের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলপথের ব্যবহার নিয়ে একতরফা সিদ্ধান্ত বা প্রভাব বিস্তারের চেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও ঝুঁকিপূর্ণ।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হিসেবে হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়।
ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে রুবিও বলেন, আন্তর্জাতিক নৌপথের অবাধ ব্যবহার নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতিগত অগ্রাধিকার হিসেবেই থাকবে।
আপনার মতামত লিখুন :