পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান।

বৃহস্পতিবার ইরানের একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

আঞ্চলিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে, যা সংকট দ্রুত নিরসনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে।

প্রস্তাবটির বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি প্রাধান্য পেয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ রক্ষায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে প্রস্তাব আদান-প্রদানের ক্ষেত্রেও ইসলামাবাদ সক্রিয় রয়েছে।

এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবে পারমাণবিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রেখে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেন, ইরান পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।

নতুন প্রস্তাবের বিষয়বস্তু এখনও প্রকাশ না হলেও, কূটনৈতিক অচলাবস্থা কাটাতে এটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।